পাইকগাছায় বয়ারঝাপায় বেড়িবাঁধে ভাঙন

পাইকগাছায় জোয়ারে বয়ারঝাপায় ঝুঁকিপূর্ণ ভাঙা হাড়িয়া ওয়াপদার বেড়িবাঁধ আবারও ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জোয়ারের পানির চাপে বেড়িবাঁধ ভেঙে চিংড়িঘেরসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে মাছ ও ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী মো. ফরিদউদ্দীন জানান, এরই মধ্যে চার বার সরকারি ও স্থানীয়ভাবে বাঁধ মেরামত করা হলেও টেকসই মেরামতের অভাবে বারবার ভেঙে জোয়ারের পানি ঢুকছে। স্থায়ী বাঁধ মেরামতের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

কাজের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় ওয়ার্ড সদস্য বি এম আরেফিন জানান, ‘ওয়ার্ক অর্ডার পাওয়ার পর কাজের অপারগতা জানিয়ে ছেড়ে দিয়েছি।’ ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক জানান, অমাবস্যার জোয়ারের পানির তোড়ে বাঁধ ভেঙে কোটি কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে পাঁচটি গ্রামের অসংখ্য বাড়িঘর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ভাঙনকবলিত স্থানে যাতে দ্রুত টেকসই বাঁধ দেওয়া যায় সে ব্যাপারে জরুরি ব্যবস্থা নেওয়া হবে। এলাকার মানুষের জানমাল রক্ষার্থে দ্রুত বাঁধ মেরামতের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ নির্মাণকাজ চলছিল।