বর্তমানে আমাদের দেশে কাজের বাজারে বেসরকারি খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। চাকরিপ্রার্থীরা এখন বৃত্তের বাইরেও ভাবতে পারছেন। যতই দিন যাচ্ছে কাজের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। বাড়ছে সুযোগ। বড় হচ্ছে পেশার পরিধি। একই সঙ্গে কাজের বাজারের হাওয়াও বদলাচ্ছে। আজ কাজের বাজারে যে পেশার চাহিদা বেশি, কিছুদিন পর সে পেশায় কাজ জোটাতে বেগ পোহাতে হচ্ছে। তবে বিগত কয়েক বছরে কাজের বাজারে অনেক বেশি বৈচিত্র্য এসেছে, পেশাগত পরিধি বেড়েছে অনেক বেশি। চাকরির ক্ষেত্রে নতুন বিষয়ে মানুষের আগ্রহ বাড়ছে। নতুন কয়েকটি ক্ষেত্র নিয়ে আমাদের এবারের আয়োজন। লিখেছেন মাশরুবা সুহা
বাড়ছে পেশার পরিধি
নিয়োগের গতি কিছুটা থমকে থাকলেও সময়ের প্রয়োজনে পেশার চাহিদা বাড়ছে। নতুন নতুন কর্মক্ষেত্রে নতুন পেশায় মানুষের কাজের সুযোগও বাড়ছে। এই সুযোগগুলো মূলত বেসরকারি খাতে। এখানে প্রযুক্তিগত উন্নয়ন বড় ভূমিকা রাখছে। সেই সঙ্গে আছে বিশ্বায়নের প্রভাব। ইন্টারনেটের কল্যাণে কাজ বা ব্যবসা আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়া এখন অনেক সহজ। এ জন্য নতুন নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হয়েছে। বেড়েছে ঘরে বসে কাজ করার সুযোগ। সেই সঙ্গে সৃজনশীল পেশার চাহিদাও বাড়ছে। বেড়েছে তৈরি পোশাকশিল্পে পেশাদারি কাজ। ব্যস্ততা বেড়েছে খণ্ডকালীন পরামর্শকদের।
বিশেষায়িত পেশার নতুন চাহিদা
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন কিছু বিষয়ে বিশেষায়িত কোর্স পড়ানো হয়। কিছু শিল্পে বিশেষায়িত বিষয়ে ডিগ্রিধারীদের চাহিদা বেড়েছে। পোশাকশিল্পে মার্চেন্ডাইজিং বিষয়ের বেশ বিস্তৃতি হয়েছে। হিসাব রক্ষণ পেশাতেও বিশেষায়িত পেশাজীবীদের কদর বাড়ছে। এ ছাড়া বিজ্ঞাপনী সংস্থা, বিভিন্ন অডিও ভিজ্যুয়াল প্রতিষ্ঠানেও বিশেষায়িত কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে।
সৃজনশীল কাজের চাহিদা বাড়ছে
বিভিন্ন সৃজনশীল পেশায় কাজ করতে আগ্রহীদের সংখ্যা দিন দিন বাড়ছে। গণমাধ্যমে নাটক, চলচ্চিত্রসহ নানা অনুষ্ঠান নির্মাণ, চিত্রনাট্য লেখা, আলোকচিত্র, অনুবাদ, নকশা, কার্টুন ও ছবি আঁকায় অনেক নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে। সেই সঙ্গে ফ্যাশন ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইনেও কাজের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।
এনজিওতে সুযোগ বেড়েছে
বিভিন্ন এনজিওতে কাজের সুযোগ কিছুটা বেড়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোতে বর্তমানে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। সেই সঙ্গে তথ্যপ্রযুক্তি, টেলিসেন্টার, গবেষণাধর্মী প্রতিষ্ঠান ও মানবাধিকার প্রতিষ্ঠানে কাজের পরিধি বাড়ছে।
ব্যবসা ব্যবস্থাপনায় সুযোগ বাড়ছে
দেশি-বিদেশি বেসরকারি নানা প্রতিষ্ঠানে ব্যবসা সংক্রান্ত পেশাজীবীদের চাহিদা আছে অনেকটা আগের মতোই। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে প্রচুর স্নাতক ডিগ্রিধারী কাজের বাজারে এলেও তারা কাজ জুটিয়ে নিতে পারছেন অপেক্ষাকৃত সহজে। বিপণন, হিসাব রক্ষণ, ব্যবস্থাপনা, অর্থায়ন ছাড়াও বিশেষায়িত কিছু বিষয়ে নতুন করে কাজের চাহিদা তৈরি হয়েছে। ব্র্যান্ড ব্যবস্থাপনা কিংবা মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাদার লোকের চাহিদা বেড়েছে।
তারুণ্যের ব্যবসায় নানা মাত্রা
ঝুঁকি নিতে অভ্যস্ত তরুণ প্রজন্ম ব্যবসার দিকে ঝুঁকছে বেশ ভালোই। অনুষ্ঠান ব্যবস্থাপনা, বিজ্ঞাপনী সংস্থা, অনুষ্ঠান নির্মাণ, ফ্যাশন হাউস, প্রশিক্ষণ, আমদানি-রপ্তানি, বিদেশে শিক্ষার ব্যাপারে পরামর্শ প্রদান, সফটওয়্যার প্রতিষ্ঠান, ওয়েবসাইট তৈরি এমনকি মোবাইল ফোনের নানা বিষয়ে ব্যবসার দিকে অনেকেই আগ্রহী হচ্ছে।