রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে সিআইডি বুধবার তিন প্রতারককে গ্রেফতার করেছে। এর মধ্যে এক জন হচ্ছে আবুল কালাম আজাদ। সে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে প্রতারণা করত। অপর দুই জন হচ্ছে সৈয়দ আরিফ হাসান ওরফে রনি ও সাইফুল ইসলাম। তারা সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোটা অঙ্কের বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া সিল-স্বাক্ষর দিয়ে নিয়োগ দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।
সিআইডির (ফিন্যানসশিয়াল ক্রাইম) বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, নিজেকে যুগ্মসচিব পরিচয় দিয়ে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৯ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বুধবার আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, আজাদ স্বীকার করেছে, সে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে এক ব্যক্তিকে রাজউকের আওতাধীন ঝিলমিল প্রকল্পে প্লট পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দেয়। পরে ঐ পরিচয়ে একটি বেসরকারি ব্যাংকের বাসাবো শাখার সাবেক ম্যানেজার নুর মোহাম্মদ হাওলাদারের কাছ থেকে বিভিন্ন দফায় ৯ লাখ ৮০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।
এদিকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোটা অঙ্কের বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া সিল-স্বাক্ষর করে নিয়োগ দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এমনই অভিযোগে চক্রটির সদস্য সৈয়দ আরিফ হাসান ওরফে রনি ও সাইফুল ইসলামকে বুধবার রাজধানীর তেজগাঁও থানার মণিপুরীপাড়া এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া নিয়োগপত্র, যোগদানপত্র, বেতন বিল, অনুমোদনপত্র, অগ্রিম বেতন বিলের অনুমোদন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস আদেশ ও বদলির আদেশসহ সাতটি বিভিন্ন সিলমোহর, একটি পিসি, একটি স্ক্যানার মেশিন, একটি প্রিন্টার ও তিনটি মোবাইল ফোন।
এ ব্যাপারে সিআইডির ঢাকা মেট্রো-উত্তর টিমের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) খালিদুল হক হাওলাদার বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে নিরীহ সহজ সরল বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
তবে প্রতারণা করে কী পরিমাণ অর্থ আত্মসাত্ করেছে, এ বিষয়ে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। সিআইডি তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় প্রতারণার মামলা করেছে।