ডেসটিনির রফিকুলকে জামিন দেয়নি হাইকোর্ট

অর্থ পাচারের দুইটি মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমিনকে জামিন দেয়নি হাইকোর্ট। একই সঙ্গে আদেশপ্রাপ্তির ছয় মাসের মধ্যে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা দুইটি নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে ডেসটিনির পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু ও ব্যারিস্টার এম মাইনুল ইসলাম, দুদকের পক্ষে মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন (মানিক) শুনানি করেন।

কয়েক হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে ডেসটিনির এমডি, চেয়ারম্যানসহ বিভিন্ন জনের বিরুদ্ধে দুইটি মামলা করে দুদক। ঐ মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আপিল করেন। ঐ আপিল শুনানি শেষে হাইকোর্ট আবেদন খারিজ করে দেয়। প্রসঙ্গত রফিকুল আমিন গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত কারাগারে রয়েছেন।