প্রকল্পে অনিয়ম দূর করার নির্দেশ দিলেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মত্স্য উপখাতে চলমান প্রকল্পে অনিয়ম ও অস্বচ্ছতা দূর করার নির্দেশ দিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, অনিবার্য? কারণে প্রকল্পের সময় বৃদ্ধি করা হলেও ব্যয় বৃদ্ধি কোনোভাবেই করা হবে না। সেই সঙ্গে প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা প্রস্তুতে অস্বচ্ছতা দূর করতে হবে। প্রকল্পের কাজে গতি বাড়াতে হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মত্স্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত মত্স্য উপখাতের উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কারিগরি সক্ষমতা, বিদ্যার সক্ষমতা টেবিলকেন্দ্রিক কাজে ব্যবহার না করে ব্যাবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। বিলুপ্তপ্রায় দেশীয় মাছকে ফিরিয়ে আনতে বিশেষজ্ঞরা কাজ করছেন। এটাকে ধারণ করতে হবে। সভায় মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, বাংলাদেশ মত্স্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজসহ সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালকরা সভায় উপস্থিত ছিলেন।