মানিকগঞ্জের সিংগাইরে পুকুর থেকে ওহাব আলী (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের কাপালি ভিটার মো. হামেদ আলীর পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত ওহাব আলী পার্শ্ববর্তী বলধারা ইউনিয়নের জৈল্লা গ্রামের মৃত শামচুউদ্দিন দেওয়ানের ছেলে। কীভাবে তিনি মারা গেলেন এখনো জানা যায়নি। তবে নিহতের মেজ মেয়ে শিল্পী আক্তার জানান, আমার বড় ভাই চান মিয়ার (৪৫) সঙ্গে জমিসংক্রান্ত বিষয় নিয়ে ছয়-সাত দিন আগে বাবার ঝগড়া হলে ক্ষিপ্ত হয়ে সে বাবাকে মারধর করে। এতে শরীরের বিভিন্ন অংশ ফুলে গেলে গত মঙ্গলবার সকালে বাবা চিকিত্সার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তার আর খোঁজ মেলেনি। লোকমুখে আমরা জানতে পারি, ঐ এলাকায় পুকুরে একটি লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ শনাক্ত করি। চারিগ্রাম ইউপি চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীন বলেন, ছেলে বাবাকে চিকিত্সার কথা বলে এখানে ফেলে গেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, লাশের শরীরে কোনো চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে মারা গেছেন তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।