রামগতিতে দুই ভাই গ্রেফতার যে কারণে—

লক্ষ্মীপুরের রামগতিতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর আফজল এলাকার সৈয়দ মৌলভীর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন জহির উদ্দিন (২৫) ও তার বড় ভাই আব্দুর রহমান (৩০)। তারা চর আফজল এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গত বুধবার গভীর রাতে চার জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগতি থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় উপজেলার চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে প্রতিবেশী জহির উদ্দিন বাড়ির পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। এতে ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে সে ঘটনাটি জানায়। পরে তার পরিবার জহিরের স্বজনদের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টির সমাধানের আশ্বাস দেন। একপর্যায়ে জহিরের বড় ভাই ও ভাবি আদালতের মাধ্যমে বিয়ে পড়ানোর কথা বলে গত ২ জুলাই ছাত্রীকে রামগতি শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে অবৈধ গর্ভপাত ঘটায়। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হলে ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার গভীর রাতে ধর্ষক জহির এবং গর্ভপাতে সহায়তাকারী বড় ভাই-ভাবিসহ চার জনকে আসামি করে রামগতি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক জহির ও তার ভাই রহমানকে গ্রেফতার করে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।