সীতাকুণ্ডে একটি কলোনিতে গভীর রাতে একদল ডাকাত ঘরে প্রবেশ করে মাদ্রাসা শিক্ষককে খুন করেছে। সোমবার রাত সাড়ে ১২টায় বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বাড়বকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কলোনিতে রেলওয়ে চাকরিজীবী সরোয়ার হোসেনের ঘরে অচেনা ৭/৮ জন ডাকাত প্রবেশ করে। এরপর সরোয়ার ও তার স্ত্রীকে ছুরি ধরে জিম্মি করে। এতে তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে পাশের রুম থেকে পৌরসদরস্থ আলীয়া কামিল (এমএ) মাদ্রাসার শিক্ষক মো. ইমরান হোসেন বেড়িয়ে এসে ডাকাতদেরকে বাধা দিলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। আশেপাশের লোকজন এগিয়ে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়।
আরো পড়ুন: শিগগিরই চাকরিতে বয়স বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
খবর পেয়ে টহলরত পুলিশের গাড়ি তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এদিকে ঘটনা শুনে সকালে সীতাকুণ্ড এডিশনাল এসপি শম্পা রানী শাহ ও মডেল থানার ওসি (তদন্ত) মো. আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, অজ্ঞাতনামা কিছু লোক তাকে খুন করে চলে যায় এবং তাদের ধরার চেষ্টা চলছে।
ইত্তেফাক/জেডএইচ