ফেসবুকে প্রধান বিচারপতি ও বিচার বিভাগ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। একই সঙ্গে নিজের অপরাধ স্বীকার করে বিচার বিভাগের সম্মান-মর্যাদাকে আঘাত করে এমন কোনো মন্তব্য থেকে বিরত থাকবেন বলেও আদালতের কাছে অঙ্গীকার করেন। পরে এ বিষয়ে দীর্ঘ দুই ঘণ্টা শুনানি হয়। শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রবিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন। আইনজীবী মামুন মাহবুব আপিল বিভাগের ডায়েসে রাখা ল্যাপটপের সামনে ভার্চুয়ালি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করে বলেন, ফেসবুকে এ মন্তব্য করে আমি গুরুতর অপরাধ করেছি। আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। শেষবারের মতো আমাকে ক্ষমা করুন, আমি অনুতপ্ত।
গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগে আদালত অবমাননার রুলের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অভিযুক্ত আইনজীবী মামুন মাহবুবের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এম আমীর-উল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক রুহুল কুদ্দুস কাজল।