পাটকল রক্ষায় প্র্রধানমন্ত্রীর কাছে ওয়ার্কার্স পার্টির স্মারকলিপি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ও রাষ্ট্রায়ত্ত খাতে ঐসব পাটকল রেখে সেগুলোর আধুনিকায়ন ও পাটকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে ১৫ দফা প্রস্তাব সংবলিত স্মারকলিপি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার ব্যক্তিগত কর্মকর্তা পিএস-১ এর কাছে স্মারকলিপির মূল কপি দেওয়া হয় এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের ই-মেইলে পাঠানো হয়।

পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ বন্ধের সরকারের আকস্মিক সিদ্ধান্ত কেবল পাট শিল্পের জন্যই নয়; সমগ্র পাট খাতের জন্যও আত্মঘাতী। স্মারকলিপিতে রাষ্ট্রায়ত্ত পাটকল এভাবে বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশে পাটজাত দ্রব্য যে আন্তর্জাতিক বাজার হারাবে, তা আর সহজে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে এ যাবত্ অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে তার দল আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ও আওয়ামী লীগসহ ১১ দল, জাসদ, ন্যাপ তথা ১৪ দলের ঘোষিত অভিন্ন ন্যূনতম ২৩ দফা কর্মসূচির লঙ্ঘন বলেও অভিহিত করা হয়।