২১শে আগস্টকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা রোধে মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়েছে। এই তল্লাশি অভিযানের মধ্যে ছিল বিভিন্ন আবাসিক হোটেল ও সন্দেহজনক বাসাবাড়ি। চট্টগ্রাম মহানগরী পুলিশ (সিএমপি) এই অভিযান চালায়।
মহানগরী পুলিশের একটি সূত্র জানায়, তল্লাশি অভিযানের পাশাপাশি নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। নজর রাখা হচ্ছে যানবাহনসহ যে কোনো ধরনের সন্দেহজনক গতিবিধির ওপর। নগরীর হালিশহর, পতেঙ্গা, চকবাজার, কোতোয়ালি, ডবলমুরিং, বাকলিয়া, পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকে বিভিন্ন বাসা ও হোটেলে পুলিশ তল্লাশি করেছে।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান জানান, ২১শে আগস্টকে কেন্দ্র করে পুলিশ সতর্কতা অবলম্বন করেছে। নানা স্থানে নিরাপত্তার জন্য তল্লাশি চালানো হয়েছে, গুরুত্বপূর্ণ মোড়সমূহে চেকপোস্ট বসানো হয়েছে।