বর্ধিত যোগাযোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভারত ও বাংলাদেশের মধ্যকার বিশেষ এবং ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে বলেছেন, বর্ধিত যোগাযোগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো আরো দ্রুত অর্জনে সহায়তা করবে। গতকাল বৃহস্পতিবার ভারতীয় হাই কমিশন, ঢাকা ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) যৌথ উদ্যোগে ‘প্রবৃদ্ধি, বিকাশ ও উন্নয়নের জন্য যোগাযোগ’ বিষয়ক এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন। গত বছর মেঘালয় ও আসামে তার সফর এবং বিশেষ করে নৌপথে যোগাযোগ সম্প্রসারণের জন্য ভারতীয় ব্যবসায়ীদের আগ্রহের কথা স্মরণ করেন।

ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, যোগাযোগ আমাদের (ভারত-বাংলাদেশ)  দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে রয়েছে সবসময়। ভারত ২০১১ সাল থেকে সাফটা চুক্তির অধীনে বাংলাদেশের কাছে বিশাল বাজার উন্মুক্ত করেছে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, এই অঞ্চলে সম্প্রসারিত বহুমুখী যোগাযোগ ব্যবস্থা দ্বিপাক্ষিক মূল্য শৃঙ্খল উদ্যোগের (বিভিসিআই) পরিপূরক হবে। তিনি ব্যয় ও সময় সাশ্রযয়ের ক্ষেত্রে তৃতীয় দেশের এক্সিম কার্গোসহ ভারতীয় বন্দর থেকে বাংলাদেশে এক্সিম কার্গো ট্রান্সশিপমেন্টের প্রস্তাব করেন।

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমেদ ওয়েবিনার পরিচালনা করেন। অন্যানের মধ্যে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নিহাদ কবির, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি  মাহবুবুল আলম, ভারতীয় হাই কমিশনের বাণিজ্যিক প্রতিনিধি ড. প্রম্যেশ বাসাল এবং বিআইডব্লিউটিএর সদস্য নুরুল আলম ওয়েবিনারে অতিথি বক্তা হিসেবে অংশ নেন। এতে ১৫০ জনেরও বেশি শিল্প নেতা অংশগ্রহণ করেন।