হাসপাতালে ভর্তি হলেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ

বিনোদন রিপোর্ট

 

শরীরে করোনা টেস্ট নেগেটিভ।  তবুও এসময়ে জ্বর ও বিভিন্ন শারীরিক জটিলতায় হাসপাতালে ভর্তি হলেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। এছাড়াও বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গত ২০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন তিনি। তাকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান ফেরদৌস ওয়াহিদের ব্যক্তিগত সহকারী মোশারফ।

জানা গেছে প্রায় ১০ দিন ধরে জ্বরে ভুগছেন শিল্পী। করোনাভাইরাস সন্দেহে শুরুতেই করিয়েছেন টেস্ট। ফলাফল নেগেটিভ আসে। তাই চিকিত্সকের পরামর্শে বাসাতেই ছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিএমএইচ-এ ভর্তি করা হয়।

এই বিষয়ে ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদসহ সকলে তার বাবার আরোগ্যের জন্য প্রার্থনা চেয়েছেন। সহকারী মোশাররফ জানান, ‘সপ্তাহখানেক আগে করোনা সন্দেহে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয় ফেরদৌস ওয়াহিদের। ফলাফল নেগেটিভ আসে। কিন্তু জ্বর কমছিলো না। তাই চিকিত্সকের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পীকে হাসপাতালে নেওয়া হয়। উল্লেখ্য, ৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হূদরোগ, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

আমি এক পাহারাদার, মামুনিয়া, আগে যদি জানতাম, শোন ওরে ছোট্ট খোকা, আমি ঘর বাঁধিলামসহ একাধিক কালজয়ী গানের শিল্পী ফেরদৌস ওয়াহিদের সংগীত ক্যারিয়ার টানা পাঁচ দশকের। বলা যায় বাংলাদেশ সৃষ্টির সঙ্গে শিল্পী হিসেবে গানের ক্যারিয়ার শুরু করেন ফেরদৌস ওয়াহিদ। আরও স্পষ্ট করলে দেশে যে ক’জন শিল্পী পপ ঘরানার গান প্রতিষ্ঠা ও জনপ্রিয় করার পেছনে আজীবন ব্যয় করেছেন, তাদের মধ্যে অন্যতম তিনি।