কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিল ভিয়েতনাম

কোভিড-১৯ মহামারী প্রতিরোধের জন্য বাংলাদেশেকে চিকিৎসা সামগ্রী দিয়েছে ভিয়েতনাম সরকার। সম্প্রতি ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সামগ্রী বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজের কাছে হস্তান্তর করেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ন্যুয়েন কুউক ডাং। 

ভিয়েতনামের দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর (পিপিই) এর ৬৬টি বক্স (তিন হাজার পিস) এবং সার্জিক্যাল ফেসমাস্কের ৮০ টি বক্স (২০ হাজার পিস)। দেশটিতে টেস্ট কিটের মজুদ কম থাকায় প্রস্তাব থাকা সত্ত্বেও ভিয়েতনাম তা আপাতত সরবরাহ করতে পারেনি।

এই চিকিৎসা সামগ্রী গত মঙ্গলবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানযোগে (ভিয়েতনামে আটকা পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন কাজে ব্যবহৃত) ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয় বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে এই চিকিত্সা সামগ্রী গ্রহণ করে।

উল্লেখ্য, ভিয়েতনাম সরকার ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন রাষ্ট্রকে কোভিড-১৯ মোকাবেলায় মেডিক্যাল সামগ্রী দিয়েছে। ঢাকায় প্রাপ্ত খবরে এসব তথ্য জানা গেছে।

ইত্তেফাক/ইউবি