তন্ময় ভৌমিক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় চলতি মৌসুমে মরিচের ভালো দাম পেয়ে খুশি মরিচ চাষিরা। তারা নিয়মিত মরিচ পরিচর্যায় ব্যস্ত রয়েছেন। জেলায় চলতি মৌসুমে ১ হাজার ২০ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে। তবে গত ১৫ দিন আগে টানা ছয়দিন বৃষ্টিতে জেলায় প্রায় ১ হাজার ৪০ বিঘার (২০ হেক্টর) মরিচ নষ্ট হয়ে গেছে। বর্তমানে আবহাওয়া ভালো থাকায় উত্পাদন ভালো হওয়ার আশা করছেন কৃষকরা।
বর্ষাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হাফিজুর রহমান জানান, কয়েক দিনের মধ্যে এক বিঘা জমি থেকে প্রায় ৮ মণ কাঁচা মরিচ উঠিয়েছেন। এ পর্যন্ত প্রায় ১ লাখ ১০ হাজার টাকার মরিচ বিক্রি করেছেন। খেত থেকে প্রায় ৫ মাস পর্যন্ত মরিচ উঠানো যায়। মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, রোগ বালাই যেন মরিচের ক্ষতি করতে না পারে সে জন্য কৃষকদের সব ধরনের সহযোগিতা করছেন। মরিচের ফলন ও দাম দুটোই ভালো পাচ্ছেন কৃষক।