পাথরবোঝাই ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার

গ্রেফতার ৩

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

পাঁচবিবির বটতলী এলাকা থেকে শুক্রবার ভোরে পাথর বোঝাই একটি ট্রাক থেকে ৭২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব সদস্যরা। এ ঘটনায় ট্রাকসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো—ফারুক হোসেন, ওবায়দুল তালুকদার ও মাহাবুব আলী।

র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ (পিপিএম-সেবা) জানান, হিলি থেকে পাথর বোঝাই একটি ট্রাকে ফেনসিডিল নিয়ে ঢাকা যাওয়ার পথে গোপন সংবাদে উপজেলার বটতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ট্রাক তল্লাশি চালিয়ে পাথরের নিচে বস্তার মধ্যে রাখা ঐ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।