ইত্তেফাক ডেস্ক
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও শহিদদের স্মরণে সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
পাবনা :পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে গ্রেনেড হামলার বীর শহিদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি প্রমুখ। পরে শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা :নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের সভাপতিত্বে এবং সদর উপজেলা কমান্ডার আইয়ূব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
নওগাঁ :দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা ও আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ১ মিনিট নীরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়া বরিশালের আগৈলঝাড়া ও বাকেরগঞ্জ, গোপালগঞ্জের কোটালীপাড়া, কুষ্টিয়ার দৌলতপুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, রাজশাহীর বাঘা এবং কুমিল্লার হোমনা উপজেলাসহ সারা দেশেই এদিন নানা আয়োজন করা হয়।