রোনালদোকে ছোঁবেন লেভান্ডোভস্কি?

স্পোর্টস ডেস্ক

বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি চলতি মৌসুমে আছেন আগুন ফর্মে। চলতি মৌসুমে ৫৪ গোল করা এই স্ট্রাইকার শেষ ম্যাচে আগামীকাল নামবেন পিএসজির বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দলীয় ট্রেবলের লক্ষ্য যেমন থাকবে, হয়তো মনের কোনে উঁকি দেবে ব্যক্তিগত লক্ষ্যও। হ্যাটট্রিক করলেই যে ছুঁয়ে ফেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদোর এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডকে!

চলতি মৌসুমে কেমন ফর্মে আছেন তিনি, সেটার প্রমাণ দিচ্ছে তার বেশকিছু রেকর্ড। সেমিফাইনালে গোল করে টানা নবম ম্যাচে লক্ষ্যভেদের কীর্তি গড়েছেন তিনি, যা কেবল আছে আর দুই জনের। একজন রোনালদো, যিনি ২০১৭-১৮ চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছিলেন টানা ১১ ম্যাচে। আরেক জন রুড ফন নিস্টেলরয়, ২০০২-০৩ মৌসুমে গোল করেছিলেন টানা ৯ ম্যাচে। ফাইনালে গোল করলে নিস্টেলরয়কে ছাড়িয়ে যাবেন লেভান্ডোভস্কি।

একটা জায়গায় অবশ্য রোনালদোকেও ছাড়িয়ে গেছেন পোলিশ এই স্ট্রাইকার। সেমিফাইনালে লিওঁর বিপক্ষে তার লক্ষ্যভেদ আর গেনাব্রির জোড়া গোলে ব্যাভারিয়ান এই জুটির চলতি চ্যাম্পিয়ন্স লিগে গোলসংখ্যা দাঁড়ায় ২৪-এ। তাতে পেছনে পড়ে যায় ২০১৩-১৪ মৌসুমে রোনালদো আর গ্যারেথ বেলের সম্মিলিত ২৩ গোলের কীর্তি, আক্রমণভাগে কোনো জুটির সর্বোচ্চ গোলের কীর্তি এতদিন ছিল সেটিই।

এবার বায়ার্ন স্ট্রাইকারের সামনে আরো বড় কীর্তি। ২০১৩-১৪ মৌসুমেই ১৭ গোল করে রিয়ালকে অধরা ‘লা দেসিমা’ বা দশম চ্যাম্পিয়ন্স লিগটি জিতিয়েছিলেন রোনালদো। সেটা ছুঁতে আগামীকাল পিএসজির বিপক্ষে ফাইনালে তার প্রয়োজন তিন গোল। যেমন আগুনে ফর্মে আছেন তিনি আর তার নেতৃত্বে থাকা আক্রমণভাগ, তাতে লক্ষ্যটাকে অমূলক মনে হচ্ছে না মোটেও।

আরেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেসও আছেন লেভান্ডোভস্কির সামনে। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৬৮ গোল নিয়ে চতুর্থ স্থানে থাকা এই ফরোয়ার্ডের চেয়ে তিন গোলে এগিয়ে আছেন রাউল। ফাইনালে তিন গোল হলেই ছাড়াবেন তাকে।

সেটা হয়ে গেলে আরো একটা জায়গায় অনন্য হয়ে উঠবেন লেভান্ডোভস্কি। ১৯৯৩ সালে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ রূপ নেওয়ার পর থেকে ফাইনালে হ্যাটট্রিক নেই কারো। কাল সেটা করলে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ যুগে ফাইনালে হ্যাটট্রিক করা খেলোয়াড়ও বনে যাবেন লেভান্ডোভস্কি। তাহলে যে দলের শিরোপা-সম্ভাবনাও উজ্জ্বল হয় তা বলাইবাহুল্য। লেভান্ডোভস্কি নিশ্চয়ই সেটাই চাইবেন!