বিকল্প কোচের সন্ধানে বিসিবি

ফিরছেন না ম্যাকেঞ্জি

স্পোর্টস রিপোর্টার

নেইল ম্যাকেঞ্জির কাজে সন্তুষ্ট ছিল বিসিবি। ২০১৮ সালের জুলাইয়ে সাদা বলের দুই ফরম্যাটের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এই দক্ষিণ আফ্রিকানকে। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের ‘গুড রিপোর্ট’-এ ২০১৯ বিশ্বকাপের পর ম্যাকেঞ্জির সঙ্গে আরো দুই বছরের চুক্তি করেছিল বিসিবি। ভালো কাজ করলেও এই প্রোটিয়া কোচ থাকাকালীন টেস্ট সিরিজে ব্যাটিং কোচের সংকটে পড়ে যেত বাংলাদেশ। অনুরোধের ঢেঁকি গিয়ে দুটি সিরিজ করলেও পূর্ণকালীন কাজ করতে নরাজ তিনি।

করোনাকালে শ্রীলঙ্কা সফরে যেতে অনিচ্ছুক ম্যাকেঞ্জি। বিসিবির প্রধান নির্বাহীকে পাঠানো চিঠিতে নানাবিধ সমস্যার কথা উল্লেখ করেছেন। শেষ পর্যন্ত টাইগারদের ব্যাটিং কোচের পদ থেকে ইস্তফাই দিয়ে দিলেন ম্যাকেঞ্জি। শ্রীলঙ্কা সফরের আগে তাই নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিতেই হচ্ছে বিসিবিকে। এক্ষেত্রে পূর্ণকালীন ব্যাটিং কোচই নিয়োগ দিবে বিসিবি। সাদা বল, লাল বল পৃথক করার ঝক্কিতে আর যেতে চায় না বিসিবি।

বাংলাদেশের ক্রিকেটে ম্যাকেঞ্জির অধ্যায় কার্যত এখানেই শেষ হয়ে গেল। গতকাল জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ম্যাকেঞ্জি আমাদের সঙ্গে সাদা বলে ছিল। কোভিড-১৯ এর আগে কথা হয়েছিল ও আমাদের লাল বলেও কাজ করবে। এখন আমাদের সিরিজ শ্রীলঙ্কায় লাল বলে। ও তো শ্রীলঙ্কায় যাচ্ছেই না। বরং পারিবারিক কারণে করোনার সময়টা পরিবারের সঙ্গেই থাকতে চাচ্ছে। সম্ভবত সে আর থাকছে না।’ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

করোনার পর বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ম্যাকেঞ্জি। চিঠিতে এমনটা উল্লেখ করেছেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘ও হচ্ছে যে এই অবস্থার পর (করোনা) বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমাদের ও তো দেখার বিষয় আছে। কোভিড-১৯ এর কারণে ওর জন্য কিছুটা কঠিন হয়ে গেছে। ওর ইয়াং ফ্যামিলি। কোভিডের কারণে ক্রিকেটে কিছু নিয়ম আসছে। সিরিজের ১৫ দিন আগে আসতে হয়। বিষয়গুলো ও আমাদেরকে লিখছে।’

ম্যাকেঞ্জির আশা ছেড়ে দিয়ে বিসিবি এখন পূর্ণকালীন কোচ খুঁজছে। যেখানে ক্রেইগ ম্যাকমিলানের নামই বেশি উচ্চারিত হচ্ছে। শ্রীলঙ্কা সফরের আগেই তার নিয়োগ চূড়ান্ত হতে পারে। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা চেষ্টা করব, সাদা বল-লাল বল এমন অবস্থায় যাব না। আমরা চেষ্টা করব কাউকে যদি এর মধ্যে খুঁজে পাই, তাহলে একবারে নিয়ে নেব।’