বেলারুশে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান সভেত্লনার

বিবিসি

বেলারুশের বিরোধীদলীয় নেতা সভেত্লনা তিখানভস্কায়া নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দাবিতে দেশজুড়ে বিভিন্ন কারখানায় বিক্ষোভ-ধর্মঘট চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল তিনি লিথুনিয়া থেকে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানিয়েছেন।

বিরোধীদলীয় নেতা সভেত্লনা বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি আপনারা ধর্মঘট চালিয়ে যান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা এ পথ ছাড়বেন না। একমাত্র আন্দোলনের মাধ্যমেই আমরা কাঙ্খিত লক্ষ্যে যেতে সক্ষম হব। তিনি বলেন, এ নিয়ে কোনো হুমকিতে কেউ মাথা নত করবেন না। আমাদের বুঝতে হবে দাবি আদায়ে রাজপথই একমাত্র ভরসা। সে কারণে আমি অবশ্যই ধর্মঘট চালিয়ে যেতে ও এর বিস্তৃতি বাড়াতে সবার কাছে অনুরোধ করছি। গত ৯ অগাস্ট পূর্ব ইউরোপের দেশ বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর থেকেই ব্যাপক অস্থিরতা শুরু হয়। সেদিনের নির্বাচনে ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে পুন?র্নির্বাচিত ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। তাদের দেওয়া ফল অনুযায়ী, লুকাশেঙ্কো ৮০ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে সভেত্লনার বাক্সে দেখানো হয়েছে মাত্র ১০ শতাংশ ভোট।

বিরোধীরা তাত্ক্ষণিকভাবে ভোটের এ ফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করে। এ নিয়ে টানা কয়েক দিনের বিক্ষোভ-ধর্মঘটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ভোটের ফল ঘোষণার পর সভেত্লনা নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গেলে তাকে প্রায় ৭ ঘণ্টা আটকে রাখা হয়। হয়রানির ভয়ে পরে তিনি বেলারুশ থেকে পালিয়ে প্রতিবেশী দেশ লিথুনিয়ায় আশ্রয় নেন।