আক্রান্তের হার কমেছে, বেড়েছে সুস্থতা

দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৬৭তম দিনে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে সংক্রমণের হার কমেছে। পাশাপাশি সুস্থতার হার  বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪০১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের চেয়ে গতকাল শুক্রবার ৪৬৭ জন কম শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ১৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৮৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ৪০ শতাংশ। আগের দিনের চেয়ে শুক্রবার শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ কম।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ২০ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৯০ হাজার ৩৬০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২৪ জন। বৃহস্পতিবারের চেয়ে গতকাল শুক্রবার ৩৭১ জন বেশি সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার সুস্থ হয়েছিল ৩ হাজার ২৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৮ দশমিক ৬৯ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার শূন্য দশমিক ৭৬ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জন মারা গেছেন। বৃহস্পতিবারের চেয়ে গতকাল ২ জন কম মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার ৪১ জন মারা যান। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ৮৬১ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। ১৯ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৫৫ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ১৭৬ জনের। বৃহস্পতিবারের চেয়ে গতকাল ১ হাজার ২১টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৯১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৪৩ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ১১৬টি কম পরীক্ষা হয়েছে।