আইনজীবীর কামরায় তরুণীকে ধর্ষণ, কথিত প্রেমিক গ্রেফতার

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে আইনজীবীর কামরায় ডেকে এনে আইনজীবীর সহকারীর (মুহুরি) সহায়তায় কথিত প্রেমিক এক তরুণীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বৃহস্পতিবার রাতে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। প্রেমিকসহ দুই জনকে গতকাল শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ১৫ আগস্ট দুপুর ১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের পিছনে আইনজীবী কেফায়েত উল্লাহর কামরায়।

গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুর জেলার হাইমচর থানার চর ভৈরবী গ্রামের কালু সৈয়ালের পুত্র কথিত প্রেমিক দিদার (২২) ও ফতুল্লা থানার কায়েমপুরের মৃত শরীফ সরদারের পুত্র আইনজীবীর সহকারী মুন্না (২৩)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিক জানান, তল্লা বড় মসজিদ এলাকায় বসবাসকারী তরুণীর সঙ্গে ধর্ষক দিদারের ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয়। এর সূত্র ধরে তারা ম্যাসেঞ্জারে চ্যাটিংসহ মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ করত। গত ১৫ আগস্ট দিদার মোবাইল ফোনের মাধ্যমে ঐ তরুণীকে আইনজীবী কেফায়েত উল্লাহর কামরায় ডেকে এনে আইনজীবীর সহকারী মুন্নার সহোযোগিতায় ধর্ষণ করে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনজীবী কেফায়েত উল্লাহ বলেন, ‘গ্রেফতারকৃত মুন্না তার সহকারী হিসেবে কাজ করত সত্যি। তবে এ ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না।’