তেঁতুলিয়ায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশির হামলায় খলিল (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মাথাফাটা বাঁশবাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত নছর আলীর ছেলে। বাড়ির ওপর দিয়ে নেসকোর বিদ্যুৎ লাইন সরানোর কথা বলায় প্রতিবেশির হামলায় তার মৃত্যু হয়। বর্তমানে খলিলের লাশ তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাথাফাটা (বাঁশবাগান) গ্রামের ভ্যান চালক খলিলের বাড়ির ওপর দিয়ে নেসকোর বিদ্যুতের লাইন সংযোগ নিয়েছে প্রতিবেশি সোলায়মান, বক্কর ও এনামুলের বাড়িতে। খলিল ঘরের পাশে বাঁশঝাড় থেকে বাঁশ কেটে ঘর মেরামত করার জন্য প্রতিবেশিদের বিদ্যুৎ লাইন সাময়িকভাবে সরানোর কথা বলে। এ নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে তারা তিনজনই খলিলকে ধরে বেধড়ক মারপিট করে মাথায় আঘাত করে। এতে খলিল অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই প্রতিবেশি সোলায়মান, বক্কর ও এনামুল পালিয়েছে।
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার পলাশ চন্দ্র সাহা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি মো. জহুরুল ইসলাম খলিল নামে এক ভ্যানচালক নিহত হওয়ার কথা স্বীকার করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্তে রয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে মামলা গ্রহণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে।
ইত্তেফাক/কেকে