জগন্নাথপুরে ১৮ মাসের  শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

জগন্নাথপুরে শুক্রবার ডোবার পানি থেকে ১৮ মাস বয়েসী এক শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিশুকন্যাকে ডোবার পানিতে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়েছে বলে নিহত শিশুর পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় নিহত শিশুর চাচীমা সুবিনা আক্তারকে (২০) পুলিশ আটক করেছে। 

নিহত শিশু ছাদিফা বেগম জগন্নাথপুর  উপজেলার কলকিলয়া ইউনিয়নের তেলিকোণা (নতুন পাড়া) গ্রামের রুমেন মিয়ার মেয়ে। 

ওই শিশুর বাবা রুমেন মিয়া জানান, আমার ছোটভাই পাভেল মিয়ার স্ত্রী সুবিনা আক্তার আমার ১৮ মাস বয়েসী শিশু কন্যা ছাদিফা বেগমকে ডোবার পানিতে ছুঁড়ে ফেলে হত্যা করেছে। পানিতে ফেলে দেওয়ার সময় লোকজন দেখেছেন। 

ইউপি সদস্য আছাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে গিয়ে জানতে পারি, শিশুরটি চাচী সুবিনা আক্তার ভোরবেলায় পরিবারের লোকজনের অগোচরে শিশুটিকে পানিতে ফেলে দেয়। এসময় প্রতিবেশী এক নারী ঘটনাটি দেখেছেন। পরে লোকজন ডোবার পানি থেকে শিশুর মৃতদেহটি উদ্ধার করেন।  

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাসিম জানান, ঘটনাস্থলে যাওয়ার গিয়ে জানা যায়, কেউ বলছেন, কন্যাকে পানিতে ফেলে দেয়া হয়েছে। আবার কেউ বলছেন, পানিতে পড়ে গেছে। 

এদিকে রহস্যজনক ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ইত্তেফাক/কেকে