রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ থেকে জাল সনদ তৈরি চক্রের একজনকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মফিজুর রহমান (৪২)। গত শুক্রবার সায়দাবাদ হুজুরের বাড়ি এলাকা থেকে র্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতার মফিজুর চাঁদপুর সদর উপজেলার মৃত ইদ্রিস খানের ছেলে।
র্যাব-১০ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সির নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮টি ভুয়া সার্টিফিকেট, ১৩টি জাতীয় পরিচয়পত্র, ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি প্রিন্টার, ১টি স্ক্যানার, ১টি মাউস, ১টি কিবোর্ড, ১টি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিজুর জানায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের তথা এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত। এছাড়া টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, ভোটার আইডি কার্ড, প্রসংশাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্র তৈরি করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি