সাভারের আমিনবাজারের তুরাগ নদী থেকে নৌ পথের কুখ্যাত ডাকাত সর্দার মুজিবুর রহমান টেক্কাকে (৪২) আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) ভোররাতে তুরাগ নদীর ডিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে বরগুনা জেলার তালতলী থানার গাববড়ীয়া গ্রামের মুনসুর আলী আকন্দের ছেলে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সাভারের আমিনবাজার নৌ পুলিশের পরিদর্শক শেখ আলমগীর হোসেন জানান, শনিবার ভোর রাতে ডাকাত সর্দার মুজিবুর রহমান টেক্কাসহ ১৪/১৫ সদস্যের একদল ডাকাত তুরাগ নদীতে বালু ও সিমেন্ট বোঝাই বিভিন্ন নৌযানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ নদীর ডিপনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের ট্রলারের গতি বাড়িয়ে দেয়। প্রায় এক ঘন্টা ধাওয়া করেও যখন ডাকাত দলকে ধরা যাচ্ছিল না তখন পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এতে ভয়ে ডাকাতরা নদীতে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে নদীতে লাফিয়ে পড়ে টেক্কাকে আটক করে। তবে ডাকাত দলের অন্য সদস্যরা নদীতে লাফ দিয়ে পালাতে সক্ষম হয়।
আরো পড়ুনঃ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেল পৌনে দুই কোটি টাকা
নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, ডাকাত দলের ব্যবহৃত নৌযানটি জব্দ ও ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, চাপাতি ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক নৌ ডাকাত সর্দার মুজিবুর রহমান টেক্কার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ডাকাত দলের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমএএম