বরিশাল অফিস
বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন হয়েছে শুক্রবার। নামফলক উন্মোচন এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। পরে উপাচার্যসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা নতুন মসজিদে আছরের নামাজ আদায় করেন। নামাজ শেষে নতুন মসজিদে ভয়াল ২১ আগস্ট স্মরণে বিশেষ দোয়া মোনাজাত হয়। মোনাজাতের আগে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ২১ আগস্টের হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের মুখোশ উন্মোচনের দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. মহসিন উদ্দীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম, প্রক্টর ড. সুব্রত কুমার দাস এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশিদ আবেদীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।