দেশের ফুটবলকে বিশ্বে তুলে ধরতে চান তরফদার

যশোর অফিস

যশোরের ফুটবলের অবস্থা খুবই খারাপ। তারপরও শুধু যশোর নয়, সারা বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে চান বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন। এছাড়াও বাংলাদেশের ফুটবলকে উন্নয়ন করে সারা বিশ্বে তুলে ধরতে চান তিনি।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ফুটবল ক্লাবস্ অ্যাসোসিয়েশন আয়োজিত সাংগঠনিক সভায় তৃণমূলে ফুটবলের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাফুফের আগামী নির্বাচনে জেলা ও বিভাগ থেকে মনোনয়ন দেওয়া নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। যশোর স্টেডিয়ামকে সাইফ স্পোর্টিং ক্লাবের হোম ভেন্যু করার চিন্তা আছে বলেও জানান ক্লাবটির কর্ণধার। এ সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, পুলিশের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ ফুটবল ক্লাবস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মারুফ হোসেন, বাফুফের সাবেক সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, বিওএর যুগ্ম মহাসচিব আশিকুর রহমান মিকু প্রমুখ।