স্পোর্টস রিপোর্টার
করোনাকালে বিসিবির ব্যবস্থাপনায় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের প্রথম তিন পর্বে ছিলেন না রুবেল হোসেন। গতকাল শুরু হওয়া চতুর্থ পবে অনুশীলনে যোগ দিয়েছেন ডানহাতি এই পেসার। যদিও বৃষ্টিমুখর দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিংটা করতে পারেননি রুবেল। শেরেবাংলায় এসেই ইনডোরে চলে গেছেন তিনি। বোলিংয়ের ড্রিল করেছেন। পরে মূল মাঠে রানিং করেছেন বৃষ্টির মধ্যেই।
সূচি অনুযায়ী তাসকিন আহমেদ, আল-আমিন হোসেনরা জিম সেশনে সময় কাটিয়েছেন। বৃষ্টির কারণে বোলিং করা হয়নি তাদের। গতকাল মিরপুরে অনুশীলন করলেও ২৫ আগস্ট থেকে মুশফিকুর রহিম অনুশীলন করবেন বগুড়ায়। শহরের শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন করবেন তিনি। এই পর্বে অনুশীলনে ফিরছেন লিটন কুমার দাস। ২৫ আগস্ট থেকে নামবেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।