বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
সোনারগাঁওয়ের আষাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চার দুর্বৃত্তসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, সাতটি হাত বোমা ও ২ কেজি ৬০০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়। গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী।
বৃহস্পতিবার উপজেলার আষাড়িয়া চর ব্রিজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে ডিবি। এ সময় ডিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে আরো তিন ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলো, মুন্সীগঞ্জের গজারিয়া থানার আব্দুল হাইয়ের ছেলে মোমেন, আড়াইহাজারের শামসু মিয়ার ছেলে শুক্কুর আলী, মৌলভীবাজারের মেহের আলীর ছেলে নাজিম উদ্দিন ও ব্রাক্ষণবাড়িয়ার মৃত নীল মিয়ার ছেলে বাবুল হোসেন। পলাতক ডাকাতরা হলো, মাসুম, সবুজ ও দাইয়ান। জাহেদ পারভেজ জানান, গ্রেফতারকৃত মোমেনকে হাতবোমার উত্স সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বন্দরের রওশনবাগ সাকিন এলাকায় আজিজের স্ত্রী মমতাজের কাছে বোমা তৈরির সরঞ্জাম আছে। পরে অভিযান চালিয়ে মমতাজকে গ্রেফতার ও তার ঘর থেকে ২ কেজি ৬০০ গ্রাম বোমা তৈরির পাউডার জব্দ করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।