ইত্তেফাক রিপোর্ট
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি, উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধা ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, অধ্যাপক মোজাফ্ফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দলের পক্ষ থেকে আজ এলাহাবাদ গ্রামে বাসভবনের পাশে মরহুমের কবরে সকালে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মোজাফ্ফর আহমদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার রাজনৈতিক জীবনের শুরু ১৯৩৭ সালে। তিনি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনীতির পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপনা ছেড়ে সম্পূর্ণভাবে রাজনীতিতে যুক্ত হন। ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তান ন্যাপের সভাপতি নির্বাচিত হন অধ্যাপক মোজাফ্ফর আহমদ।