ইত্তেফাক রিপোর্ট
সাভারের আমিনবাজারের তুরাগ নদ থেকে কুখ্যাত ডাকাত সর্দার মুজিবুর রহমান টেক্কাকে আটক করেছে পুলিশ। গতকাল ডিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে বরগুনা জেলার তালতলী থানার গাববড়ীয়া গ্রামের মুনসুর আলী আকন্দের ছেলে। এ সময় ডাকাতি কাজে ব্যবহূত একটি ইঞ্জিনচালিত ট্রলার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আমিনবাজার নৌ পুলিশের পরিদর্শক শেখ আলমগীর হোসেন জানান, শনিবার ভোর রাতে ডাকাত সর্দার মুজিবুর রহমান টেক্কাসহ ১৪/১৫ সদস্যের একদল ডাকাত তুরাগ নদে বালু ও সিমেন্টবোঝাই বিভিন্ন নৌযানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিপনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের ট্রলারের গতি বাড়িয়ে দেয়। প্রায় ১ ঘণ্টা ধাওয়া করেও যখন ডাকাত দলকে ধরা যাচ্ছিল না তখন পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে ভয়ে ডাকাতরা পানিতে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা টেক্কাকে আটক করে। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।