সিলেটে নদ নদীর পানি ফের বাড়ছে

সিলেট অফিস

সিলেটের প্রধান নদী সুরমা-কুশিয়ারাসহ সীমান্ত নদ-নদীর পানি ফের বাড়তে শুরু করেছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার। এর আগে তিন দফা বন্যায় সুনামগঞ্জ ও সিলেটের ১৬টি উপজেলার আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে এই এলাকার আমন চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সিলেটের ছয়টি উপজেলা হয়ে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের তিনটি উপজেলা দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদী। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বরাক মোহনা কুশিয়ারা নদীর উত্সমুখ। নদীটির পানির প্রবাহ পরিমাপ করা হয়েছে সিলেটের জকিগঞ্জের অমলসিদ পয়েন্ট থেকে বিয়ানীবাজারের শেওলা, মৌলভীবাজারের শেরপুর ও ফেঞ্চুগঞ্জ পর্যন্ত চারটি পয়েন্টে। সব কটি পয়েন্টে পানি বেড়েছে।

জানা যায়, ১৯ আগস্ট কুশিয়ারার চারটি পয়েন্টে পানি কমছিল। গতকাল শনিবার সকাল থেকে দুটো পয়েন্টে পানি বাড়ছে। অমলসিদ পয়েন্টে ১২ দশমিক ৫৪ মিটার থেকে পানি বেড়ে গতকাল দুপুর ১২টায় ১৩ দশমিক ০১ মিটার দিয়ে কুশিয়ারার পানি প্রবাহিত হচ্ছিল। উত্সমুখে পানি বাড়ায় শেওলা পয়েন্টে ১০ দশমিক ৪৪ মিটার থেকে পানি বেড়ে ১০ দশমিক ৪৭ মিটার দিয়ে প্রবাহিত হয়। শেরপুরে ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি কিছুটা বেড়ে আবার কমেছে।

সিলেট ও সুনামগঞ্জ জেলা দিয়ে প্রবাহিত নদী সুরমার উত্সমুখ হিসেবে পরিচিত কানাইঘাট পয়েন্টেও পানি বাড়ছে। গতকাল ১০ দশমিক ৪৫ মিটার থেকে বেড়ে দুপুরে ১০ দশমিক ৫৫ মিটার ও সুরমা নদী সিলেট শহরের নিকট একই সময় পানি বেড়ে দুপুর ১২টায় ৮ দশমিক ৫৬ মিটার দিয়ে প্রবাহিত হয়।

ভারতের মেঘালয় থেকে নেমে আসা সিলেটের সীমান্ত নদ-নদী হিসেবে পরিচিত সারী, লোভা ও ধলাই নদের পানিও বাড়ছে। লোভা নদীর পানি কানাইঘাটের লোভাছড়া পয়েন্টে ১১ দশমিক ৩৫ মিটার থেকে বেড়ে দুপুরে ১১ দশমিক ৭০ মিটার ও একই সময়ে সারী নদীর জৈন্তাপুর উপজেলার সারীঘাট পয়েন্টে পানি ৯ দশমিক ০৫ মিটার থেকে বেড়ে ৯ দশমিক ৩৫ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। ভারতের বৃষ্টিপ্রবণ চেরাপুঞ্জি থেকে নেমে আসা একটি পাহাড়ি ঝরনার উত্সমুখ হচ্ছে কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদ। সেখানেও পানি বৃদ্ধি ও হ্রাসের খেলা চলছে। ধলাই নদের ইসলামপুর পয়েন্টে সকালে ৯ দশমিক ০৪ মিটার দিয়ে পানি প্রবাহিত হয়। দুপুরে ১২টায় পানি পরিমাপে অবশ্য ১ সেন্টিমিটার কমেছে। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি থামলে পরিস্থিতির উন্নতি হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।