শোক সংবাদ

হাসিনা বেগম

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোসাম্মত্ হাসিনা বেগম (৫৩) গত বৃহস্পতিবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.. ..রাজিউন)। তিনি স্বামী কুষ্টিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ কে এম জালাল উদ্দিন ও একমাত্র সন্তান মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ফারিহা জালাল জেমিকে রেখে গেছেন। পর দিন শুক্রবার কুষ্টিয়া পৌর গোরস্তানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

মোহাম্মদ ইয়াহিয়া

সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসের (সিদিপ) নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া (৭০) কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে গতকাল শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে মিরপুর বুদ্ধিজীবী গোরস্তানে দাফন করা হয়। গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে তার উদ্ভাবনী ধারণা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রেখেছে। তার তৈরি শিক্ষা সহায়তা কর্মসূচি প্রাথমিক বিদ্যালয় থেকে ছাত্র ঝরে পড়া রোধে সহায়ক হয়েছে। পেশাগত জীবনের প্রাথমিক পর্যায়ে তিনি জাতিসংঘ এবং বিশ্বব্যাংকে কর্মরত ছিলেন।