প্রধান বিচারপতির শুদ্ধি অভিযানকে সুপ্রিম কোর্ট বারের স্বাগত

ইত্তেফাক রিপোর্ট

সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছেন বার নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীরা। শুদ্ধি অভিযানকে সাধুবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, প্রধান বিচারপতি দুর্নীতি ও অনিয়ম বন্ধে যে পদক্ষেপ নিয়েছেন তাতে বার নেতৃবৃন্দের সমর্থন রয়েছে। আমরা আমাদের অবস্থান থেকে এই অভিযানে সবসময় তাকে সহযোগিতা করব। তিনি বলেন, আমাদের বারের কোনো সদস্য বা ক্লার্ক যদি অনৈতিক কোনো লেনদেনে জড়ান তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

একই মত আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের। তিনি বলেন, সর্বোচ্চ আদালত মানুষের ন্যায় বিচারের সর্বশেষ আশ্রয়স্থল। এই অঙ্গনে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম থাকলে তা স্বাধীন বিচার বিভাগের প্রতি কুঠারাঘাত। দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখায় চলে আসা এই ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধে প্রধান বিচারপতি যে পদক্ষেপ নিয়েছেন তার সঙ্গে সাধারণ আইনজীবীরা রয়েছেন।

শনিবার দৈনিক ইত্তেফাকে ‘সুপ্রিম কোর্ট প্রশাসনে শুদ্ধি অভিযানে প্রধান বিচারপতি’ শীর্ষ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পরই বার নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীরা প্রধান বিচারপতি শুদ্ধি অভিযানকে স্বাগত জানান। তারা বলেন, এ ধরনের অভিযান চলমান রাখতে হবে। ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।