বরিশালকে জলাবদ্ধতার হাত থেকে বাঁচাতে কীর্তনখোলা নদীর সংযোগ পাঁচটি খাল পুনর্খনন করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। গতকাল শনিবার পানি পরিস্থিতি দেখতে নগরীর ত্রিশগোডাউন খাল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, কীর্তনখোলার সঙ্গে সংযোগ পাঁচটি খাল পুনর্খনন এবং একই সঙ্গে নদীর তীরে ফ্লাট ওয়াল নির্মাণে প্রকল্প দিতে প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন। যাতে বন্যা বা জোয়ারের পানি শহরে প্রবেশ করতে না পারে। স্লুইচ গেট দিয়ে নদীর পানি শহরে প্রবেশ করতে পারবে না, তবে যাতে শহরের ড্রেনেজ পানি নেমে যেতে পারে সেই ব্যবস্থা থাকবে। এই প্রকল্প সম্পন্ন হলে আগামী দুই-তিন বছরের মধ্যে একটি সুন্দর বরিশাল নগরী উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করেন।
এ সময় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রী নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়ারপোল এলাকায় পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।