দুর্নীতি লুটপাট বৈষম্যে বিপর্যস্ত মানুষের কান্না দূর করা এখন মূল কর্তব্য ------------------- ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ধর্মভিত্তিক সাম্প্র্রদায়িক জঙ্গিবাদী পাকিস্তানপন্থার রাজনীতি বাংলাদেশের জন্য একটি স্থায়ী বিপদ। এ রাজনীতির বিরুদ্ধে সার্বক্ষণিক লড়াই জারি রাখার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-বৈষম্যের বিরুদ্ধে সুশাসন ও সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নিতে হবে। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী পাকিস্তানপন্থার রাজনীতিকে পরাজিত করে রাজনৈতিক শান্তি অর্জন এবং দুর্নীতি-লুটপাট-বৈষম্যে ক্ষতবিক্ষত-বিপর্যস্ত জনগণের কান্না ও দীর্ঘশ্বাস দূর করে সামাজিক শান্তি ও প্রগতি অর্জনই এখন দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মূল কর্তব্য। করোনায় সদ্যপ্রয়াত জাসদ নেতা অ্যাড. হাবিবুর রহমান শওকত স্মরণে গতকাল শনিবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনুর  সভাপতিত্বে শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহসভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, সফি উদ্দিন মোল্লা, প্রয়াত হাবিবুর রহমান শওকতের কন্যা তানজিনা রহমান ছুটি, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাদের চৌধুরী প্রমুখ।