রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনিকে উন্নত চিকিত্সার জন্য জার্মানিতে নেওয়া হয়েছে। তাকে বিদেশে নিতে আবেদন করেছিলেন তার স্ত্রী জুলিয়া নাভালনিয়া। নাভালনির শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন এবং উদ্বিগ্নের বলে তাকে নিয়ে যাওয়া একটি জার্মান এনজিওর প্রধান জানিয়েছেন। খবর আলজাজিরা ও পার্স টুডের
আন্তর্জাতিক ফ্লাইট ট্রাকিং ডাটা থেকে জানা গেছে, গতকাল শনিবার সকালে নাভালনিকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স জার্মানির রাজধানী বার্লিনের তেজেল বিমানবন্দরে অবতরণ করে। এর পরপরই তাকে সেখান থেকে চারিটে হাসপাতালে চিকিত্সার জন্য স্থানান্তর করা হয়। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ টুইটার বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। জার্মান এনজিও সিনেমা ফর পিস-এর প্রতিষ্ঠাতা জাকা বিজিলজ হাসপাতালের বাইরে সাংবাদিকদের জানান, তার অবস্থা খুবই উদ্বেগের।
গত বৃহস্পতিবার রাতে সাইবেরিয়ার ওমস্ক শহর থেকে রাজধানীর মস্কোতে যাওয়ার সময় বিমানে চা পান করেন নাভালনি এবং এ সময় তিনি একেবারে ভেঙে পড়েন। তার অবনতিশীল পরিস্থিতিতে বিমানটি যাত্রা পথেই জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তার দল বলছে, চায়ের মধ্যে বিষ মেশানো ছিল এবং রাশিয়ার সরকারবিরোধী নেতাকে হত্যার জন্য এই বিষ মেশানো চা খাইয়েছেন। এরপর নাভালনির স্ত্রী জুলিয়া সরাসরি রুশ প্রেসিডেন্ট পুতিনের দপ্তর ক্রেমলিনে চিঠি লেখেন এবং তাকে বিদেশে চিকিত্সার সুযোগ দেওয়ার দাবি জানান।