বিএনপি সরকারকে অভিযুক্ত করতে পরিকল্পিতভাবে ২১ আগস্টের ঘটনা ঘটানো হয় ----------------- রিজভী

টানা ক্ষমতায় ‘সরকার দিশেহারা’ হয়ে ২১ আগস্টের ঘটনা সম্পর্কে ‘মিথ্যাচারের কোরাস’ গাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির তত্কালীন সরকারকে অভিযুক্ত করার জন্য পরিকল্পিতভাবে ২১ আগস্টের ঘটনা ঘটানো হয়েছিল। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী মত্স্যজীবী দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, আমরা বলতে চাই এসব কথা বলে চিড়ে ভিজানো যাবে না। মানুষ যা বোঝার তা বুঝে গেছে। আপনি ক্ষমতা দিয়ে, দুঃশাসন দিয়ে এসব কথা বলছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল বড় ধরনের দেশি-বিদেশি চক্রান্ত-ষড়যন্ত্রের ফল। চক্রান্তকারীদের পরিকল্পনা ছিল তত্কালীন বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করা এবং ছলে-বলে-কৌশলে ক্ষমতায় এসে বিএনপি নেতাকে বিপর্যস্ত করা, অভিযুক্ত করা। ওই ঘটনা যে পরিকল্পিত তা বোঝা যায়। হঠাত্ করে পুলিশকে না জানিয়ে মুক্তাঙ্গন থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ নিয়ে যাওয়া হয়।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।