বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় ২৩ মিলিয়ন বা ২ কোটি ৩০ লাখ। সুস্থ হয়েছে ১ কোটি ৪৭ লাখ। ভারত, রাশিয়া এবং ইরাক নতুন করে সংক্রমণের শিকার হচ্ছে। ভারতে এক দিনেই সংক্রমিত হয়েছে ৬৯ হাজারের বেশি।
করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রে রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে করোনা ভাইরাস-প্রতিরোধে প্রয়োজনে আবার শাট ডাউন জারি করবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ব্রাজিলে ধীরে ধীরে স্থিতাবস্থা ফিরে আসছে। তিউনিশিয়া সরকার হটস্পটগুলোতে ফের লকডাউন দিয়েছে। ইরাকে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এক দিনেই ৪ হাজার আক্রান্ত হয়েছে।
১৫ দিনে ভারতে ১০ লাখ আক্রান্ত
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ হাজার ৮৭৮ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৯৪৫ জন। বৃহস্পতিবার দেশে ৮ লাখ করোনা পরীক্ষা হয়েছে। মাত্র ১৫ দিনে ১০ লাখ সংক্রমণ ভারতে। ৭ আগস্ট দেশে সংক্রমিত হয়েছিলেন ২০ লাখ মানুষ। দুই সপ্তাহ পর সেই সংখ্যা ছুঁয়েছে ৩০ লাখ। ভারতে শনিবার বিকাল পর্যন্ত মোট সংক্রমিত ৩০ লাখ ৫ হাজার ২৮১। সংক্রমণের বিচারে বিশ্বে তৃতীয় নম্বরে ভারত। প্রথম ও দ্বিতীয় নম্বরে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। গত ১৮ দিন ধরে দৈনিক সংক্রমণের বিচারে বিশ্বের অন্য দেশগুলোকে ছাপিয়ে গিয়েছে ভারত। —এনডিটিভি ও আলজাজিরা