চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালাতো বোনকে দেখতে আসা পঞ্চম শ্রেণী পড়ুয়া ১১বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। শিক্ষার্থী বাদী হয়ে রবিবার চরফ্যাশন থানায় মামলাটি দায়ের করেছেন। পুলিশ মামলায় অভিযুক্ত আসামী রিপন (২৫) ও তামিমকে (১৮) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন।
গ্রেফতারকৃত রিপন আছলামপুর ১নং ওয়ার্ডস্থ জামালের ছেলে। সে চরফ্যাশন হাসপাতাল রোডস্থ মেডিনোভা মেডিকেল হলের কর্মচারী। অপর আসামি তামিম চরমাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের আব্দুল করিম বেপারী ছেলে। সে আল-মদিনা ফার্মেসির কর্মচারী। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।
থানায় দায়েরকৃত মামলার এজাহার এবং শিশু শিক্ষার্থীর জানায়, সে চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন তার খালাতো বোনকে দেখতে শনিবার বিকেলে খালার সঙ্গে হাসপাতালে এসে হাসপাতালের নবনির্মিত ভবনের চতুর্থ তলা ঘুরে দেখছিল। এসময় অভিযুক্ত রিপন তাকে একা পেয়ে মুখ চেপে ধরে হাসপাতালের পঞ্চম তলার ৫১৭নং কক্ষের সামনে নিয়ে ফ্লোরে শুইয়ে রিপন তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় অপর আসামি তামিম ঘটনাস্থলে লোকজন আসে কিনা তা পাহাড়া দেয়। ধর্ষণ চেষ্টাকালে শিশুটি জোড়ে চিৎকার দিলে ঘটনাস্থলে চতুর্থ তলা থেকে লোকজন ছুটে আসে। লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক জানান, স্থানীয় সংবাদকর্মীরা বিষয়টি আমাকে জানানোর পর আমি চরফ্যাশন থানার ওসিকে জানিয়েছি। রাতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্ত রিপন ও তামিমকে আটক করা হয়েছে। রবিবার বাদী হয়ে মামলা দায়েরের পর অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি