শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে র‌্যাবের ত্রাণ সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে র‌্যাব-১২ এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে র‌্যাব-১২ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খায়রুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ভাটপাড়ায় যমুনার তীরে আশপাশের গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এতে গুরুত্ব পায় এলাকার নানা বয়সী প্রতিবন্ধীরা। তাদের হাতে র‌্যাবের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী তুলে দেন রাষ্ট্রের এলিট ফোর্স হিসেবে খ্যাত র‌্যাব-১২ এর মানবিক সদস্যরা। 

আরো পড়ুনঃ নওগাঁর সাপাহারে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু

ভাটপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত বৃদ্ধ আব্দুল জলিল এই খাদ্য সামগ্রী উপহার পেয়ে র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এবারের বন্যায় খুব কষ্ট হয়েছে। বাধের উপর আশ্রয় নিয়েছিলাম। সে রকম কারো সহায়তা পাইনি। র‌্যাব ভাইয়েরা আজকে আমাদের ডেকে নিয়ে অনেক কিছু দিয়েছে। তারা যেমন দেশকে নিরাপদ রাখতে ভূমিকা পালন করছে। আবার বিপদে আমাদের মত মহা অসহায়দের পাশে দাঁড়াচ্ছে। তারা এভাবেই যেন ভালবাসা দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেয়। 

উল্লেখ্য, চলতি বন্যায় গত কয়েক মাসে র‌্যাব-১২ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খায়রুল ইসলামের উদ্যোগে বন্যা দুর্গত বেলকুচি, সিরাজগঞ্জ, কাজিপুর, এনায়েতপুরসহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বন্যা দুর্গত অসহায় কয়েকসহ কয়েকশ পরিবারের মাঝে বিতরণ করেছে। অপরাধ দমনের পাশাপাশি তাদের এমন মানবিক উদ্যোগ জেলা জুড়ে প্রশংসা কুড়িয়েছে বলে অভিমত ব্যক্ত করেছে সচেতন মহল। 

ইত্তেফাক/এমএএম