কাজীপুরে নদীতীর রক্ষা বাঁধে ধস

বালিভর্তি জিওব্যাগ ফেলছে পাউবো

মাহমুদুল কবীর, সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে জেলার কাজীপুর উপজেলার ১ নম্বর সাইড ঢেকুরিয়া পয়েন্টের শহিদ এম মনসুর আলী ইকোপার্কের উত্তরে নদীতীর রক্ষা বাঁধে ধস নেমেছে। শনিবার রাত সাড়ে তিনটা থেকে এই ধস শুরু হয়ে এ পর্যন্ত প্রায় ১০০ মিটার বাঁধ নদীগর্ভে চলে গেছে।

শনিবার ভাঙনকবলিত স্থানে গিয়ে দেখে গেছে, আতঙ্কিত লোকজন বাড়িঘর ও অন্যান্য জিনিসপত্র ট্রাকযোগে সরিয়ে নিচ্ছেন। ইতিমধ্যেই কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীক ও পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম উক্ত এলাকা পরিদর্শন করেছেন। ভাঙন রোধে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় লোকজন বালিভর্তি জিওব্যাগ ফেলা শুরু করেছে।

স্থানীয় ইউপি সদস্য ও মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম জানান, ‘ভোররাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেই সময় প্রচণ্ড ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে কয়েক মিনিটের মধ্যে আজগর আলীর একটি ঘর, টিউবওয়েল পানিতে দেবে যায়।’ পাউবোর উপসহকারী প্রকৌশলী (এসও) হায়দার আলী জানান, ‘ভোর থেকে আমরা ৫০০ জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছি।’ 

এদিকে তীর রক্ষা বাঁধের পুরাতন ওয়াপদা বাঁধসংলগ্ন স্থানে এই ধস দেখা দেওয়ায় ব্যাপক ঝুঁকিতে রয়েছে ঐতিহ্যবাহী ঢেকুরিয়া হাট, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের সহস্রাধিক পরিবার। কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান সিদ্দীক জানান, ভাঙনে কমলা বেওয়া নামে এক বিধবার ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। তাকে আপাতত শুকনো খাবার দেওয়া হয়েছে। আগামীতে তাকে পুনর্বাসন করা হবে। চার/পাঁচটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। পাউবোর লোকজন বৃষ্টির মধ্যে সকাল থেকে জিওব্যাগে বালি ফেলছে। এছাড়াও একই উপজেলার খুদবন্দি এলাকায় নদীভাঙন শুরু হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।