আমন রোপণে ব্যস্ত পলাশের কৃষকরা

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

ধানের দাম বেশি হওয়ায় নরসিংদীর পলাশের কৃষকরা এবার আমন চাষের প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পড়েছেন। চাষের জন্য পরিবেশ অনুকূলে থাকায় এখন আমন আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলার ঘোড়াশাল পৌর এলাকাসহ উপজেলার চারটি ইউনিয়নের কৃষকরা। পলাশ উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মো. আমিরুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং ১৯০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। তিনি আরো জানান, এবার ধানের দাম বেশি হওয়ায় এ বছর আমন রোপণে আগ্রহী কৃষকরা। তাছাড়া আমন ধান ঘরে উঠা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় না হলে এ বছর পলাশে আমন ধানের বাম্পার ফলন হবে বলে আশাবাদী এই কর্মকর্তা।