নওগাঁ প্রতিনিধি
নবান্নে বাজার ধরতে ভালো দামের আশায় নওগাঁয় আগাম কপি চাষ শুরু করেছেন কৃষকরা। নবান্নের আগে প্রতিটি কপি গড়ে প্রতি কেজিতে ১০০ টাকা বিক্রি হয়ে থাকে।
নওগাঁ সদর উপজেলার গবিন্দপুর গ্রামের কপিচাষি সাদ্দাম হোসেন জানান, তার নিজস্ব ১৫ কাঠা জমিতে প্রতি বছরের মতো শীতকালীন ফুলকপি আগাম চাষ করেছেন। এই পরিমাণ জমিতে কীটনাশক বেশি খরচ না হলে ১৭/১৮ হাজার টাকা খরচ হয়ে থাকে। আগাম কপি চাষ করার মূল লক্ষ্য নবান্নের বাজারে বিক্রি করতে পারা। সে সময় প্রতি কেজি কপি গড়ে ১০০ টাকা বিক্রি হয়ে থাকে। ফলে বেশি লাভবান হয়ে থাকেন। তার মতো আগাম কপিচাষি কাশেম সরদার, ইউসুফ হাসানসহ অনেকে একই কথা বললেন। তারা আরো বললেন, পরে যেসব কৃষক কপি চাষ করেন সেই কপিগুলো একসঙ্গে বাজারে কেনাবেচা শুরু হওয়ায় দাম পাওয়া যায় না।
চকআতিথা গ্রামের খবির উদ্দিন জানালেন, তার ১২ কাঠা জমিতে লাগানো মরিচ কয়েক দিনের বৃষ্টিতে গাছে মরে গেছে। আগাম কপি বিক্রি করে ভালো দাম পাওয়া যায় এই আশায় সেই জমি দ্রুত চাষ করে পাতাকপি লাগিয়েছেন।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল ওয়াদুদ জানান, আগাম জাতের সবজি বিক্রি করে কৃষকরা বেশি দাম পেয়ে থাকেন। ইতিমধ্যে জেলায় প্রায় ১০০ হেক্টর জমিতে কপি চাষ করা হয়েছে। এই কপিগুলো নভেম্বরের প্রথম সপ্তাহ অর্থাত্ নবান্নের আগেই বাজারে কেনাবেচা শুরু হবে। কৃষকরা নতুন সবজি কপির দামও ভালো পান। বর্তমানে সব ধরনের সবজির ভালো দাম পাওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে কপি চাষ হওয়ার সম্ভাবনা হয়েছে।