নরসিংদীতে বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ১৮৩ শতাংশ সরকারি খাসজমি দখলমুক্ত করেছে প্রশাসন। রবিবার সদর উপজেলার পাইকারচর ও মহিষাশুড়া ইউনিয়নে ৭ কোটি টাকা মূল্যের এসব জমি দখলমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া। স্থানীয় প্রভাবশালীরা এসব খাস জমি অবৈধভাবে দখল করে পাওয়ারলুম, দোকান ও অনুমোদনহীন ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভোগদখল করছিল। খবর পেয়ে এসব সরকারি জমি দখলমুক্তকরণে অভিযান পরিচালনা করে প্রশাসন। নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পর্যায়ক্রমে সকল খাসজমি অবৈধ দখলমুক্ত করা হবে।