চাটখিলে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

চাটখিল পৌরসভায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের সঙ্গে জড়িত ভীমপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে নাঈম হোসেন ও রফিক উল্যা মোল্লার ছেলে ইউসুফ যুদানীকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার বিকালে চাটখিল পৌর শহর থেকে ধর্ষকের সহযোগী ইউসুফ যুদানী গ্রেফতার হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী নাঈমকে তার নানার বাড়ি বানসা থেকে পুলিশ গ্রেফতার করে। এ ব্যাপারে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেয়েটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, নাঈম ধর্ষণের কথা স্বীকার করেছে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের কোর্টে পাঠানো হয়েছে।