মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে বনের মধ্যে ফেলে রাখার ১০ দিন পর এসএ টিভির প্রেস লেখা একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর বিট অফিস সংলগ্ন সরকারি বনাঞ্চলের ভিতর থেকে সাদা রংয়ের প্রাইভেটকারটি (ঢাক-মেট্রো গ-১৫-১৫৬০) উদ্ধার করা হয়। বাঁশতৈল রেঞ্জ অফিসের অধিনে বংশীনগর বিট অফিসের কর্মকর্তা মো. রমিজ জামান জানান, গত ৮-১০ দিন পূর্বে সন্ধ্যার দিকে কে বা কারা সাদা রংয়ের প্রাইভেটকারটি জঙ্গলের পাশে রেখে চলে যায়। এ কয়েকদিনেও কেউ প্রাইভেটকারটি না নেওয়ায় তাদের মধ্যে সন্দেহ ও আতঙ্ক দেখা দেয়। শনিবার বিষয়টি তিনি বাঁশতৈল পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, প্রাইভেটকারটির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।