আশুড়ার বিলের সৌন্দর্যবর্ধনের কার্যক্রম উদ্বোধন
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা নবাবগঞ্জের জাতীয় উদ্যান ও ঐতিহ্যবাহী আশুড়ার বিলকে দৃষ্টিনন্দনসহ পর্যটকদের আকৃষ্ট করতে রবিবার উদ্বোধন করা হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের। এর উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, আওয়ামী লীগ নেতা আজিজুল হক, হাবিবুর রহমান রিপন প্রমুখ।
কৃষকদের মধ্যে সবজিবীজ ও সার বিতরণ
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা ছাতকে রবিবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সবজিবীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান।
পৌর শহরে আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং কার্যক্রম চালু
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা পৌর শহরের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং কার্যক্রম শনিবার রাত থেকে শুরু হয়েছে। বড়বাজারে নেত্রকোনা পৌরসভার আয়োজনে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। পরে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।
জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের ব্যানারে রবিবার বাগেরহাটে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। টাইম স্কেল ও জ্যেষ্ঠতা নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানের দাবিতে দেশব্যাপী এ কর্মসূচি আহ্বান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন জাতীয়করণকৃত শিক্ষকবৃন্দ। পরে বাগেরহাট জেলা জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের সভাপতি বিকাশ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ শিক্ষকদের দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
দেবীগঞ্জে কৃষক সমাবেশ
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা প্রজনন বীজ উত্পাদন কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), দেবীগঞ্জে উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় উদ্যান ও মাঠ ফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্পের অর্থায়নে আইসি মাঠ, বিএসপিসি, বিএআরআই, দেবীগঞ্জে বারি ঝিঙ্গা-১ ও বারি ঢ্যাঁড়শ-২-এর উত্পাদনশীলতার ওপর কৃষক সমাবেশ রবিবার অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মো. মহিউদ্দীন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রজনন বীজ উত্পাদন কেন্দ্র, বিএআরআই, দেবীগঞ্জ।
শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসহায়তা প্রদান
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে করোনা ও আম্ফানে ক্ষতিগ্রস্ত ১৩০ শিক্ষার্থীর মধ্যে রবিবার শিক্ষাসহায়তা হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে। এ সময় তিন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে একটি করে স্মার্টফোন দেওয়া হয়। শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের আয়োজনে এবং জাপানি ব্যবসায়ী ইয়োসিকি তাকাশিমা ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়নে এগুলো দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এম এনামুল ইসলাম।
শামসুদ্দিন হাসপাতালে চিকিত্সাসামগ্রী প্রদান
সিলেট অফিস নগরীর ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে চিকিত্সাসামগ্রী দেওয়া হয়েছে। রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব হস্তান্তর করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রমুখ।
বৃক্ষরোপণ ও শিশুদের মধ্যে চারা বিতরণ
মৌলভীবাজার প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও শোকাবহ ২১ আগস্ট উপলক্ষ্যে বৃক্ষরোপণ এবং শিশুদের মধ্যে চারা বিতরণ করা হয়েছে রবিবার। মৌলভীবাজার লেডিস ক্লাবের আয়োজনে শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। লেডিস ক্লাব মৌলভীবাজারের সভাপতি কবিতা ইয়াসমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা ও লেডিস ক্লাবের সদস্যবৃন্দ।
মুজিববর্ষের বিশেষ সংখ্যা প্রকাশ
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়া থেকে প্রকাশিত ‘সম্প্রীতি সাহিত্য সমাজ’ ম্যাগাজিনের মুজিব শতবর্ষের বিশেষ সংখ্যা প্রকাশিত ও গুণীজনদের হস্তান্তর। মুজিব বর্ষের প্রকাশিত বিশেষ সংখ্যা শনিবার বিকালে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনের হাতে হস্তান্তর করা হয়।
পাইকগাছায় গাছের চারা বিতরণ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে রবিবার আওয়ামী লীগের উদ্যোগে দলীয় নেতাকর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার এমপি আকতারুজ্জামান বাবু। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, মেয়র সেলিম জাহাঙ্গীর প্রমুখ।
০