এমবাপেকে রিয়ালে চান রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক

অদ্ভুত এক দলবদল মৌসুমই যাচ্ছে রিয়াল মাদ্রিদের। দলবদলের বাজারে এখন পর্যন্ত কোনো তারকাকে দলে ভেড়ানোর গুঞ্জনও শোনা যাচ্ছে না দলটির ব্যাপারে। তবে সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার রোনাল্ডো মনে করেন দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে দলে টানা উচিত বর্তমান লা লিগা চ্যাম্পিয়নদের।

কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার সম্প্রতি এক ওয়েবিনারে রিয়াল মাদ্রিদকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার পরামর্শ দেন। বলেন, ‘এখন অন্যদের চেয়ে ভালো দলবদলে মনোযোগ দেয়া উচিত নয় রিয়াল মাদ্রিদের। বরং দীর্ঘমেয়াদি ভাবনা আলোচনায় আনা উচিত।’

সে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এমবাপেকে দলে দেখার আগ্রহ প্রকাশ করেন দ্য ফেনোমেনন। রোনাল্ডোর কথা, ‘নেইমারের বয়স ২৮, যেখানে এমবাপের ২২। একটা বিনিয়োগ হিসেবে দেখলে, অপেক্ষাকৃত কম বয়স্ক খেলোয়াড়টিকে দলে ভেড়ানোই যুক্তিযুক্ত।’

তবে স্বদেশি নেইমারের প্রতিও শুভকামনা জানান রিয়াল মাদ্রিদ কিংবদন্তি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে ওয়েবিনারটিতে দেওয়া বক্তব্যতে তিনি বলেন, ‘সে শেষ কিছু ম্যাচে দারুণ খেলেছে। বিশেষ করে পর্তুগালে অনুষ্ঠানরত চূড়ান্ত পর্যায়ে। বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছে কিন্তু শেষে এসে কিছুটা শান্ত থাকা প্রয়োজন ছিল তার। ফাইনালে এটা করতে পারলে গোল করা অসম্ভব নয় মোটেও।’